শুধু ক্ষমতা নয়, উৎপাদনমুখী রাজনীতিই বিএনপির মূল আদর্শ: নাসিম হোসাইন
রাজনীতি
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার উৎপাদনমুখী রাজনীতিই বিএনপির মূল আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে যে মৎস্য বিপ্লব ও সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। প্রাকৃতিক জলাশয় রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের ঐতিহাসিক সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
নাসিম হোসাইন বলেন, বিগত দেড় দশক ধরে চলা স্বৈরাচারী শাসনের ফলে দেশের প্রতিটি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল । আমাদের প্রাকৃতিক সম্পদ ও নদী-নালাগুলো দখলদারদের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এখন সময় এসেছে দেশকে নতুন করে সাজানোর। বিএনপির এই মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দেশের আপামর জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একটি সামাজিক আন্দোলন। তারেক রহমানের সুদূরপ্রসারী ও উন্নয়নমুখী রাষ্ট্রদর্শনের ওপর ভিত্তি করে আমরা প্রতিটি পাড়া-মহল্লা ও তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়নকে বেগবান করব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, আফজাল উদ্দিন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো ও মতিউল বারী খুর্শেদ, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নাসিম হোসাইন, বিএনপি, উৎপাদনমুখী রাজনীতি, মৎস্য অবমুক্তকরণ, তারিখ রহমান, অর্থনৈতিক সমৃদ্ধি