শান্তিগঞ্জে পুলিশ হেফাজত থেকে পালানো আসির ফের গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আলোচিত আসামি আসির আলীকে (৩২) ২৪ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আসির আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসির আলী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্ট থেকে যৌথ অভিযান চালিয়ে আসির আলীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯ টায় শান্তিগঞ্জের দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে ওই সময় স্বজনেরা জড়ো হয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নেন বলে জানিয়েছে পুলিশ।
পরে নিজের ফেসবুক আইডি থেকে হাতকড়া পরা অবস্থায় লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও বার্তা দেন আসির আলী। তবে স্থানীয়দের সহযোগিতায় তার সঙ্গে সমোঝোতা করে শুধুমাত্র হাতকড়াটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পুলিশের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পানসী রেষ্টুরেন্ট থেকে আসামী আসিরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় আসামীকে আদালতে সোপর্দ করা হবে।’
পালানো আসামি, আসির আলী, শান্তিগঞ্জ, গ্রেপ্তার, পুলিশ, হাতকড়া