৩১ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / মামলা

রায়নগরের তিন খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ত্রিপক্ষীয় সমঝোতা কমিটির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন


সিলেট নগরের রায়নগরে নিজ বাসায় ব্যবসায়ী আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ত্রিপক্ষীয় সমঝোতা কমিটি।


সোমবার (৩১ আগস্ট) পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও লিজগ্রহীতাদের সমন্বয়ে গঠিত এ কমিটি সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, সিলেট নগরের রিকাবীবাজারে নির্মাণাধীন ইম্পালস টাওয়ারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভূমি বিরোধ, মামলা-মোকদ্দমা ও অনিয়মের অভিযোগ রয়েছে। প্রায় দুই দশক ধরে এ নিয়ে আইনি লড়াই চলছে। নিহত আবদুস সাত্তার এ-সংক্রান্ত দুর্নীতি ও ভূমি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বলে দাবি করেন তিনি।


কমিটির পক্ষ থেকে বলা হয়, আবদুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার অন্যতম প্রধান সাক্ষী ছিলেন। একই সঙ্গে কোতোয়ালি থানায় করা একটি মামলার বাদীও ছিলেন তিনি। এসব মামলা প্রত্যাহারের জন্য সাত্তার ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।


লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত বছরের ২৯ জানুয়ারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে রায়নগরে আবদুস সাত্তারের বাসায় যান। সেখানে পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূমির মালিকানা দাবি করে মামলা প্রত্যাহারের জন্য সাত্তারকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করে কমিটি।


এ ঘটনায় নিহত সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা গত বছরের ৯ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই ঘটনার একটি মোবাইল রেকর্ডও রয়েছে বলে দাবি করেন বক্তারা।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত বছরের ১৮ মে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের হামলায় আবদুস সাত্তার ও মুহাম্মদ তৌহিদুল ইসলাম আহত হন।


ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বিরোধের প্রসঙ্গ তুলে লিখিত বক্তব্যে বলা হয়, ৫৬৪/৯৬ নম্বর আমমোক্তারনামার মাধ্যমে ১৮৫২২/২০০৬ নম্বর দলিল তৈরি করে পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির জমি দখলের অভিযোগ রয়েছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে। আদালতের রায়ে ১৮৫২২/২০০৬ ও ১৪০৬২/২০০৫ নম্বর দলিল অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে বলেও দাবি করা হয়। পরে হাইকোর্ট বিভাগও নিম্ন আদালতের রায় বহাল রাখেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


কমিটির নেতারা বলেন, এসব ঘটনা ও পূর্বের বিরোধের বিষয়গুলো বিবেচনায় নিয়ে রায়নগরের তিন হত্যাকাণ্ডের তদন্ত নিরপেক্ষভাবে করা প্রয়োজন। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং পূর্বের হুমকির সঙ্গে হত্যার কোনো যোগসূত্র আছে কি না—তা তদন্তের মাধ্যমে বের করে আনার দাবি জানান তারা।


এদিকে গত ১২ আগস্ট সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আবদুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহকর্মী তাহমিনা বেগমের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।


ঘটনার দিন বিকেলে ওই বাসার প্রতিবেশী বাবুল মিয়াকে (৪০) আটক করে পুলিশ। পরে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

রায়নগর, হত্যাকাণ্ড, ত্রিপক্ষীয় সমঝোতা কমিটি, তদন্ত দাবি, ইম্পালস টাওয়ার, ভূমি বিরোধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ