১৯ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ন


সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাবোঝাই পিকআপের ধাক্কায় গুরুতর আহত ফারুক আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।


ফারুক আহমদ কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। দুর্ঘটনায় তার দুই পা ভেঙে যায়।



স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা দিয়ে একটি পিকআপে করে ভারতীয় জিরা নিয়ে আসছিলেন কয়েকজন চোরাকারবারি। খবর পেয়ে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটিকে থামাতে পেছন থেকে ধাওয়া করেন।



বিজিবির ধাওয়া খেয়ে পিকআপের চালক দ্রুতগতিতে সুরইঘাট বাজারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাজার পয়েন্টে পিকআপটি ফারুক আহমদ ও আম্বিয়া আহমদ নামের দুজনকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা পিকআপটি আটক করেন। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত ফারুক ও আম্বিয়াকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।



সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফারুক আহমদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বুধবার ভোররাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।



স্থানীয়রা জানিয়েছেন, আটক পিকআপে থাকা ভারতীয় জিরার সঙ্গে সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলোয়ার হোসেন, বাগরা গ্রামের আনিছুল হকের ছেলে সাজনসহ কয়েকজন জড়িত। পিকআপের চালক হিসেবে তুলি মিয়ার নামও জানিয়েছে স্থানীয় সূত্র। তিনি ভাউরভাগ চতুর্থ খণ্ড গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে। তবে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।



কানাইঘাট সদর ইউনিয়নের ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, আহত ফারুক আহমদ ও আম্বিয়া আহমদ তার ওয়ার্ডের বাসিন্দা। ফারুক সুরইঘাট বাজারে দিনমজুরের কাজ করতেন। সীমান্ত দিয়ে চোরাইপথে আসা পণ্যবাহী যানবাহনের বেপরোয়া গতির কারণে এলাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। চোরাচালান বন্ধে বিজিবি ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।



কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, সিলেট, ফারুক আহমদ, সুরইঘাট বাজার, ভারতীয় জিরা, চোরাচালান, চোরাকারবারি, পিকআপের ধাক্কা, সড়ক দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ