১৯ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কলকাতার আবাসিক হোটেলে আগুন, নারী ও শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যুর খবর

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন। কলকাতা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিরা ওই হোটেলের আবাসিক অতিথি ছিলেন।


গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মির্জা গালিব স্ট্রিটের তিনতলায় অবস্থিত শিখা ইন হোটেলে আগুন লাগে। আগুনের পর দ্রুত পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে বেশ কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন।


আহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি কলকাতা পুলিশ।


কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ভারতের দ্য হিন্দু জানিয়েছে, আগুনে ৯ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনেও নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার কথা বলা হয়েছে।


শিখা ইন হোটেলের এক আবাসিক অতিথি মো. রফিকুল ইসলাম বলেন, রাত পৌনে দুইটার দিকে হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় পুরো হোটেল ছেয়ে যায় এবং অনেকে ভেতরে আটকা পড়েন। হোটেলে প্রবেশের পথ সরু ও অপ্রশস্ত ছিল। সেখানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না।


হোটেলটি কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পাশেই অবস্থিত। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং হোটেলের ভেতরে থাকা অতিথিদের উদ্ধারে অভিযান চালানো হয়।


ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


পাঁচতলা ওই ভবনের প্রতিটি তলায় বিভিন্ন নামে আবাসিক হোটেল রয়েছে। তবে ভবনটিতে মোট কতজন অতিথি অবস্থান করছিলেন, তা এখনো জানা যায়নি।


স্থানীয় বাসিন্দারা জানান, মির্জা গালিব স্ট্রিটের এসব হোটেলে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা বেশি। চিকিৎসার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরা এসব হোটেলে থাকেন। শিখা ইনেও বাংলাদেশি নাগরিকেরা আবাসিক অতিথি হিসেবে অবস্থান করছিলেন বলে জানা গেছে।


অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশের পাশাপাশি আগুনের প্রকৃত কারণ এবং হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কলকাতা হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, মির্জা গালিব স্ট্রিট, শিখা ইন হোটেল, বাংলাদেশি নিহত, অগ্নিকাণ্ড, কলকাতা ফায়ার সার্ভিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ