শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই প্রদান
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ৭:১০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে স্থাপিত পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই সরবরাহ করেছে শ্রীমঙ্গল পৌরসভা। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রেলস্টেশনের পাঠক কর্নারে এসব বই দেওয়া হয়।
ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী ও সাধারণ মানুষ যাতে অবসর সময় বই পড়ে কাটাতে পারেন, সে লক্ষ্যেই শ্রীমঙ্গল রেলস্টেশনে পাঠক কর্নারটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্নারে বিভিন্ন বিষয়ের নতুন বই যুক্ত করা হচ্ছে। সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানসহ নানা বিষয়ের বই রাখা হচ্ছে সেখানে।
মঙ্গলবার নতুন বই সরবরাহের সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা।
পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষের অবসর সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগানো এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই পাঠক কর্নারটি চালু করা হয়েছে। অপেক্ষার সময় মানুষ যেন বই পড়ে আনন্দের পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারেন, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, পর্যায়ক্রমে পাঠক কর্নারে বিভিন্ন ধরনের নতুন বই যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে শ্রীমঙ্গল রেলস্টেশনে একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক পাঠচর্চার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি স্থানীয় মানুষ, শিক্ষার্থী ও যাত্রীদের বই পড়ায় উৎসাহিত করা হবে।
পৌরসভার এমন উদ্যোগে রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের অবসর সময় আরও অর্থবহ হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শ্রীমঙ্গল পৌরসভা, রেলস্টেশন, পাঠক কর্নার, বই, জ্ঞানচর্চা, শিক্ষার্থী