১৮ আগস্ট ২০২৬

যাপিতজীবন / চাকরি

পিংক বাসের চালকের আসনে সিলেটের ফাহিমা আক্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

ছবিঃ পিংক বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন ফাহিমা আক্তার। সংগৃহীত

পিংক বাসের স্টিয়ারিংয়ে বসে ঢাকার সড়কে নতুন যাত্রা শুরু করেছেন সিলেটের ফাহিমা আক্তার। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা ‘মহিলা বাস সার্ভিসে’ চালকের দায়িত্ব পেয়েছেন তিনি।


সিলেট সদর উপজেলার বাসিন্দা ফাহিমা আক্তার, পড়াশোনা করেছেন সিলেট সরকারি মহিলা কলেজে। এর আগে বিআরটিসি সিলেটের কার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার ঢাকার সড়কে পিংক বাস চালানোর দায়িত্ব পেয়েছেন ফাহিমা।


নতুন এই দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন ফাহিমা। তিনি বলেন, মহিলা চালক বলব না, আমি নিজেকে এই বাস সার্ভিসের একজন পাইলট হিসেবে গর্বিত মনে করছি। এমন একটি চ্যালেঞ্জিং জায়গায়, যেখানে অনেক পুরুষও সাহস করতে চান না, সেখানে একজন নারী হিসেবে শ্রম ও মেধা দিয়ে আমি এই জায়গায় আসতে পেরেছি। বাংলাদেশের প্রথম নারী বাস সার্ভিসের ইতিহাস রচনার যে সূচনা হচ্ছে, আমরা সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি।


গাড়ি চালানোর প্রশিক্ষণের বিষয়ে ফাহিমা বলেন, ২০১৮ সালে সিলেটে প্রশিক্ষণ কেন্দ্রে আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিই। প্রথমে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছি। এরপর মিডিয়াম ও পরে হেভি লাইসেন্স অর্জন করেছি। দীর্ঘদিনের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার পর এখন বাস চালানোর দায়িত্ব পেয়েছি।


ঢাকার সড়কে পিংক বাস চালানোর চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় যানজট থাকবে, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি থাকবে। সব পরিবেশ আমাদের অনুকূলে থাকবে না। এসব প্রতিকূলতার মধ্য দিয়েই আমাদের যাত্রা শুরু করতে হবে। আমরা যেমন এই দায়িত্ব পেয়ে আনন্দিত, তেমনি দায়িত্বটিও গুরুত্বের সঙ্গে পালন করতে চাই।


অন্যান্য যানবাহনের চালকদের উদ্দেশে ফাহিমা বলেন, সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। ওভারস্পিড, ওভারলোড কিংবা অসতর্কতার কারণে একটি দুর্ঘটনা ঘটলে একটি পরিবারের সারাজীবনের কান্নার কারণ হতে পারে। তাই মোটরসাইকেল, সিএনজি, বাসসহ সব ধরনের যানবাহনের চালকদের ধীরে ও সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ করছি। আমরা আপনাদের সহকর্মী। আমাদের প্রতিদ্বন্দ্বী বা শত্রু মনে না করে সহযোগিতা করবেন এটাই আমাদের প্রত্যাশা।


যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ফাহিমা বলেন, একজন চালক হিসেবে আমার প্রথম দায়িত্ব যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি যাত্রীরা যেন ভালো পরিবেশে এবং আরামে যাতায়াত করতে পারেন, সেটিও আমাদের দায়িত্ব। আমরা চাই যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছান।


তিনি আরও বলেন, যাত্রীদের প্রতি আমার আহ্বান, আপনারা আমাদের পাশে থাকুন। বিআরটিসির এই মহিলা বাস সার্ভিস চালু হয়েছে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের জন্য। আপনারা ভয় না পেয়ে এই বাসে আসুন, আমাদের সেবা গ্রহণ করুন। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

পিংক বাস, ফাহিমা আক্তার, বিআরটিসি, নারী চালক, ঢাকা সড়ক, মহিলা বাস সার্ভিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ