
সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারকে অপসারণের দাবি জানিয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। এ দাবিতে মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য জনবল নিয়োগের সাম্প্রতিক প্রক্রিয়ায় নিয়মনীতি উপেক্ষা করে স্বজনপ্রীতি করা হয়েছে জানিয়ে তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের পরিবারের কয়েকজনকে এই কার্যক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
দিরাই সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ পরিবারের ১৪ থেকে ১৫ জনকে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।
সালমান মিয়া আরও বলেন, ‘লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিয়ে আসছি। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আজ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছি। ছাত্র-জনতার দাবিকে গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।’
তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার না করে বিষয়টি যাচাই করে দেখার কথা জানিয়ে ইউএনও সনজিব সরকার বলেন, ফল প্রকাশের পর ছাত্রদলের নেতা-কর্মীরা তার কাছে এসে অভিযোগ করেছেন যে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তাদের বলেছেন, ‘আমি তো কাউকে চিনি না। সত্যতা পাওয়া গেলে আমরা বাদ দিয়ে দেব।’
ইউএনও আরও বলেন, দিরাই-শাল্লার সংসদ সদস্য নাছির চৌধুরীর সঙ্গে পরামর্শ করে নিয়োগ কমিটি কাজ করছে। এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ছাত্রদলের অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে মঙ্গলবারের অবস্থান কর্মসূচি সম্পর্কে তিনি কিছু জানতেন না বলে জানান।
অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান সাজু, সদস্যসচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন
দিরাই, ফ্যামিলি কার্ড, ছাত্রদল, সনজিব সরকার, নিয়োগে অনিয়ম


