১৮ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৩৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে।


মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুই শিশুর একজন হলো হবিগঞ্জের আর অন্যজন সিলেট জেলার বাসিন্দা।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১১৫ জন। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরও ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ফলে কয়েক মাস ধরে চলা হাম ও হামের উপসর্গের পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ এখনো উল্লেখযোগ্যভাবে রয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৯৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিভাগে হাম ও উপসর্গজনিত কারণে মারা যাওয়া ১৩৮ জনের মধ্যে ছয়জনের ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল। অন্যরা হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সন্দেহভাজন রোগী হিসেবে বিবেচিত হয়েছেন।


এদিকে রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে সারা দেশের হাম পরিস্থিতিরও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে।


এর মধ্যে ৮০৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে হাম, সিলেট হাম পরিস্থিতি, হামের উপসর্গ, হাম আক্রান্ত শিশু, হাম মৃত্যু, সিলেটে হাম মৃত্যু, ১৩৮ জনের মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ