১৮ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

হামের টিকা পাবে বাদ পড়া ১৬ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন


দেশের বিভিন্ন এলাকায় হামের টিকা থেকে বাদ পড়া ১৬ লাখ শিশুকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী এসব শিশুর একটি অংশকে এখন সরকারের হাতে থাকা টিকা দিয়ে টিকাদানের আওতায় আনা হবে। একই সঙ্গে ভবিষ্যতে টিকার সংকট এড়াতে আরও ২৫ লাখ টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।


রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, দেশের কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু হামের টিকা পায়নি। দুটি সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের হাতে থাকা ১৬ লাখ টিকা এসব শিশুকে দেওয়া হবে।


ভবিষ্যতে যাতে হামের টিকার সংকট তৈরি না হয়, সে বিষয়েও সভায় আলোচনা হয়েছে। সচিব বলেন, ‘আমরা ১৬ লাখ এখন দেব এবং ভবিষ্যতের জন্য ২৫ লাখ টিকা কেনার প্রকিউর করছি। এই টিকা কেনার ব্যাপারে ইউনিসেফের বিষয়ে আমাদের কথা হয়েছে।’


সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট একাধিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


হামের টিকাদানের আওতা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শিশুদের সংখ্যা প্রকাশের পর এই প্রশ্ন ওঠে।


জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও ইপিআইয়ের তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। অন্যদিকে হামের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময় পর্যন্ত হামের টিকা পেয়েছিল ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ শিশু।


এই দুই হিসাবের পার্থক্য ছিল ৩৮ লাখ ৮২ হাজার ৮৯৩ শিশু। অর্থাৎ ওই সময় পর্যন্ত অন্তত এতসংখ্যক শিশু হামের টিকা পাওয়ার উপযোগী ছিল, কিন্তু টিকাদানের হিসাবের মধ্যে তারা ছিল না।


এবার বাদ পড়া শিশুদের একটি অংশকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।


হামের সোমবারের বুলেটিন অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ জন টিকা পেয়েছে। চলতি বছরের টিকাদান ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু।


সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বিভিন্ন এলাকায় টিকা থেকে বাদ পড়া ১৬ লাখ শিশু হামের টিকা পাবে। একই সঙ্গে ভবিষ্যতের চাহিদা মেটাতে আরও ২৫ লাখ টিকা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হামের টিকা, হাম, ১৬ লাখ শিশু, টিকাদান, টিকা থেকে বাদ পড়া শিশু, হামের টিকা সংকট, স্বাস্থ্য মন্ত্রণালয়, ইপিআই, ডব্লিউএইচও, ইউনিসেফ, শিশুদের টিকা, বাংলাদেশে হাম, হামের টিকাদান ক্যাম্পেইন, ২৫ লাখ টিকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ