সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ পরিবহনকে জরিমানা
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন
সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা পরিবহন প্রতিষ্ঠানগুলো হলো-লন্ডন এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, প্যারাডাইস এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস ও বেঙ্গল পরিবহন। অভিযানে এসব পরিবহনকে ১৫ হাজার করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, ‘অনুমোদনহীন স্লিপার বাসগুলোর বিরুদ্ধে আজ প্রথম এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাঁচটি স্লিপার বাসের কোম্পানীকে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জরিমানার পাশাপাশি প্রতিটি পরিবহনকে সতর্ক করা হয়েছে। তারপরও যদি অনুমোদনহীন এসব স্লিপার বাস চলাচল অব্যাহত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুর রশীদ ও আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজন এবং পরে হাসপাতালে আরও দুজনসহ মোট ৯ জন নিহত হন। ওই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীন স্লিপার বাস চলাচল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
স্লিপার বাস, অভিযান, জরিমানা, লন্ডন এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, প্যারাডাইস এক্সপ্রেস