১৭ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত অধ্যাপক আতিকুলের

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক। তবে নিয়োগ পেলেও এ পদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।


সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক আতিকুল হককে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোষাধ্যক্ষ পদে তিনি যোগ দেননি এবং যোগ দেওয়ার ইচ্ছাও নেই।


অধ্যাপক আতিকুল তার পোস্টে কাউকে তাকে অভিনন্দন না জানানোর অনুরোধ করে লিখেন, ‘আমি কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করিনি এবং যোগদান করার কোনো ইচ্ছাও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’


নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও লেখেন, ‘মনের মধ্যে কোনো জটিলতা বা নিজের সঙ্গে কোনো দ্বন্দ্ব রেখে, এতসব জটিল বিষয় ও নানা কৌশলের সঙ্গে ব্যর্থভাবে মানিয়ে চলার চেয়ে, আমার যেটা ভালো লাগে এবং যেটাতে আমি সন্তুষ্ট থাকি, সেটাই চালিয়ে যাওয়া আমার জন্য ভালো বলে মনে করি।’


অধ্যাপক আতিকুল বলেন, ‘২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগদান করার পর থেকে যে কাজ করছিলাম, সেটিই করতে আমি আনন্দবোধ করছি। তাই দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না।’


এ বিষয়ে জানতে অধ্যাপক শাহ মোহাম্মদ আতিকুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


বর্তমানে অধ্যাপক আতিকুল হক শাবিপ্রবির রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোষাধ্যক্ষ, অধ্যাপক শাহ মোহাম্মদ আতিকুল হক, আতিকুল হক, শাবিপ্রবির কোষাধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, সমাজবিজ্ঞান বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ