বিশ্বনাথে হাঁসের খামারে ফাঁদে আটকা পড়ল মেছোবিড়াল
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় হাঁস ধরতে এসে লোহার খাঁচার ফাঁদে আটকা পড়েছে একটি মেছোবিড়াল। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে সাহিদ আলী নামের এক খামারির হাঁসের খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্লভপুর গ্রামে দীর্ঘদিন ধরে হাঁসের খামার পরিচালনা করে আসছেন সাহিদ আলী। বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিল একটি বন্যপ্রাণী। এতে বেশ কয়েকটি হাঁস মারা যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। এ অবস্থায় হাঁস রক্ষায় খামারঘরের পেছনে লোহার খাঁচা দিয়ে একটি ফাঁদ তৈরি করেন তিনি। বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো ফাঁদটি পেতে রাখা হয়। শুক্রবার সকালে দেখা যায়, হাঁস খাওয়ার সন্ধানে আসা একটি মেছোবিড়াল ওই ফাঁদে আটকা পড়েছে।
খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে উৎসুক মানুষ প্রাণীটিকে দেখতে খামারে ভিড় জমান।
এ বিষয়ে খামারি সাহিদ আলী বলেন, দীর্ঘদিন ধরে মেছোবিড়াল খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিল। এতে আমার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। মেছোবিড়ালটি ধরার জন্য খামারের পেছনে ফাঁদ পেতে রাখি। পরে শুক্রবার সকালে দেখি, ফাঁদে মেছোবিড়ালটি আটকা পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, আমি এ বিষয়ে অবগত আছি এবং সুচিকিৎসা ও রক্ষণাবেক্ষণের জন্য মৌলভীবাজার রেঞ্জ অফিসারদের বলেছি, তারা এসে মেছোবিড়ালটি নিয়ে যাবে।
মেছোবিড়াল, বন্যপ্রাণী, হাঁসের খামার, ফাঁদ, দুর্লভপুর গ্রাম, বিশ্বনাথ উপজেলা