বিশ্বনাথে ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক, বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে পৃথক অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। একই অভিযানে মাদক সেবনের সময় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লামাকাজি ও কামালপুর (বন্ধুয়া) এলাকায় পৃথক অভিযান চালায় বিশ্বনাথ থানা-পুলিশ। এ সময় কামালপুর (বন্ধুয়া) গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে নিজাম উদ্দিন (৫১) এবং মির্জারগাঁও (সোনাপুর) গ্রামের নূর উদ্দিনের ছেলে ইনসান মিয়াকে (২৮) আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে লামাকাজি ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আব্দুল হান্নানকে (৬৭) মাদক সেবনের সময় আটক করা হয়। পরে তাঁকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২১ ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, নিজাম উদ্দিন ও ইনসান মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইয়াবা, মাদক কারবারি, কারাদণ্ড, বিশ্বনাথ থানা পুলিশ, ভ্রাম্যমাণ আদালত, মাদকবিরোধী অভিযান