১৩ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

টাঙ্গুয়ার হাওরে অবৈধ প্রবেশ, ৮ নৌকাকে জরিমানা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে আটটি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) টাঙ্গুয়ার হাওরে পরিচালিত মোবাইল কোর্টে আটটি মামলায় মোট ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে নৌকাগুলোর বিরুদ্ধে মামলা করে জরিমানা করা হয়।


অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক ও হাউজবোটের যাত্রীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।


পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর, পরিবেশ দূষণ, অবৈধ প্রবেশ, মোবাইল কোর্ট, জরিমানা, পর্যটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ