৩৫.৮ ডিগ্রি তাপমাত্রার পর সিলেটে বৃষ্টির পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
সিলেটে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেটে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে বৃহস্পতিবার সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৬৯ শতাংশে।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল ১২ আগস্ট সকাল ৬টা থেকে আজ ১৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সিলেটে সামান্য পরিমাণ বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে আগামীকাল শুক্রবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।
তাপমাত্রা, বৃষ্টি, আবহাওয়া, পূর্বাভাস, সিলেট, আবহাওয়া অফিস