১১ আগস্ট ২০২৬

অনিয়ম-দুর্নীতি

সিলেট ভয়েসে সংবাদ প্রকাশ

এবার পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় আসা তথ্য সংগ্রহকারীর নাম বাতিল

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠার অভিযোগে এবার জুলি বেগমের নাম বাতিল করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই প্রার্থীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। 


এর আগে, গতকাল সোমবার ‘সিলেট ভয়েস’- এ ‘জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পরীক্ষায় অংশ নেওয়া দুই প্রার্থীকে বাদ দিয়ে পরীক্ষায় অংশ না নেওয়া জুলি বেগমের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে ধরা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াগাঁও গ্রামের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেন সুলতান আহমেদ ও বিউটি বেগম। তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশও নেন। তবে ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ওই দুই প্রার্থীকে বাদ দিয়ে জসিম উদ্দিনের মেয়ে জুলি বেগমের নাম ৪৩ নম্বর ক্রমিকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


এ ঘটনায় নিয়োগ-বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে সুলতান আহমেদ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।


অভিযোগকারী সুলতান আহমেদ বলেন, ‘আমি অভিযোগ করেছিলাম, মেয়েটির নাম বাতিল হয়েছে শুনেছি, এই অনিয়ম কেন করা হলো। যে করেছে তার শাস্তির দাবি করছি।’


এর আগে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুলি বেগম বলেছিলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি সেটা আমার ব্যাপার,আপনি কে? কেউ বললে কি হবে।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, বিষয়টি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় জুলি বেগমের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জালিয়াতির সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘এটা চূড়ান্ত তালিকা নয়, অভিযোগের ভিত্তিতে ও তদন্ত করে জুলি বেগমের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

ফ্যামিলি কার্ড, তথ্য সংগ্রহকারী, জগন্নাথপুর, জুলি বেগম, অনিয়ম, তদন্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ