১০ আগস্ট ২০২৬

অনিয়ম-দুর্নীতি

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ না নিয়েও এক নারীর নাম চূড়ান্ত তালিকায় ওঠার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।


বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াগাঁও গ্রামের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেন ওই এলাকার সুলতান আহমেদ ও বিউটি বেগম। তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেন। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ওই দুই প্রার্থীকে বাদ দিয়ে জুলি বেগম নামে এক নারীর নাম ৪৩ নম্বর ক্রমিকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


এ অবস্থায় ঘটনার স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্ন তুলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সুলতান আহমেদ এক প্রার্থী।

 

অভিযোগপত্র অনুযায়ী, উপজেলার নয়াগাঁও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে জুলি বেগম কোনো পরীক্ষায় অংশ নেননি বলে দাবি করা হয়। 


অভিযোগকারী সুলতান আহমেদ বলেন, ‘আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে পরীক্ষায় অংশ নিলাম, অথচ যিনি পরীক্ষাই দিলেন না, তার নাম চূড়ান্ত তালিকায় চলে আসলো। এটি চরম অন্যায় ও অনিয়ম।’


এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জুলি বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছি সেটা আমার ব্যাপার,আপনি কে? কেউ বললে কি হবে।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 


জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘যদি এই ধরনের হয়ে থাকে, নাম বাদ দেওয়া হবে। তদন্ত করে দেখা হবে।’


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

ফ্যামিলি কার্ড, তথ্য সংগ্রহকারী, জগন্নাথপুর, রানীগঞ্জ ইউনিয়ন, অনিয়ম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ