১২ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা

ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি, প্রতিবেদন জমা দেওয়া হবে শিগগির

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ১০:০২ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকা পরিদর্শনে যান কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা এবং সদস্য সচিব ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।


পরিদর্শন শেষে ইউএনও মুনমুন নাহার আশা বলেন, তদন্ত চলমান রয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।


এর আগে গত ৭ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় নয়জনে।


নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।


দুর্ঘটনার পর থেকে দুই বাসের চালকই পলাতক রয়েছেন। এ ঘটনায় গত ৮ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে ওসমানীনগর থানায় মামলা করা হয়।


এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দুর্ঘটনা, তদন্ত কমিটি, ওসমানীনগর, বাস দুর্ঘটনা, মহাসড়ক, প্রাণহানি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ