১০ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি মাহফুজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন


জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের পার্লামেন্ট এগিয়ে যাচ্ছে। বর্তমান পার্লামেন্ট ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁদের রক্তের অবদান চিরস্মরণীয়।’ 


তিনি বলেন, ‘ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নত রাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার পরিধি আরও বাড়ানো জরুরি।’


রোববার (৯ আগস্ট) সকালে নগরের মিরাবাজার এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বালিকা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষা খাতের মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের শিক্ষার অগ্রগতি ও সার্বিক মানোন্নয়নে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব মূলত শিক্ষকদেরই।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান। একই সাথে একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।


রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং প্রভাষক রুবানা চৌধুরী ও সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সাংস্কৃতিক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলরুবা আক্তার।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী,প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন।


এদিকে সকাল ১১টায় প্রতিষ্ঠানের বালক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং প্রভাষক মুহিবুর রহমান শামীম ও ফয়ছল মাহমুদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান ড. ফজলুর রহিম কায়সার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আবদুল হান্নান।


অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক আব্দুর রব ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ভূমিকা, সংসদ সদস্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শাহজালাল জামেয়া ইসলামিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ