০৯ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ: শাবিপ্রবিতে ৬ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন


সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার তথ্য উঠে আসার প্রেক্ষাপটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের এ সংক্রান্ত সম্পৃক্ততা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশে বলা হয়, উক্ত প্রতিবেদনের আলোকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ সংক্রান্ত কাজে জড়িত থাকার বিষয়ে তদন্তপূর্বক যথাশীঘ্র রিপোর্ট প্রদানের জন্য কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করেছে।


ছয় সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরকে। সদস্য হিসেবে রয়েছেন কোষাধ্যক্ষ; গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আশরাফ উদ্দিন; নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।


অফিস আদেশ অনুযায়ী, কমিটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষকদের চিহ্নিতকরণ এবং এ বিষয়ে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত শাবিপ্রবির শিক্ষকরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কি না, তাও অনুসন্ধান করবে কমিটি।


অফিস আদেশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শিক্ষক, তদন্ত কমিটি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ