বিদেশে টাকা পাচার বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের আহ্বান এমপি আবুল হাসানের
রাজনীতি
প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, ‘উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো বেশ কিছু দেশ শক্তিশালী রপ্তানি নীতি, মানবসম্পদ উন্নয়ন এবং সুশাসনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে বদলে দিয়েছে।’
তিনি বলেন, ‘যদি আমরা বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারি, মেধার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করি এবং চামড়া, পাট ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতের আশানুরূপ বিকাশ ঘটাতে পারি, তবে বাংলাদেশ দ্রুত একটি শীর্ষ সারির উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।’
শনিবার (৮ আগস্ট) ইস্ট লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাতটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের অর্থনৈতিক সংকটে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে সংসদ সদস্য বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি টিকিয়ে রাখতে এবং দেশকে এগিয়ে নিতে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এই অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।’
মুফতি আবুল হাসান বলেন, ‘একটি আদর্শ, সুশৃঙ্খল ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্য জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। ধর্মীয় অনুশাসন ও সঠিক নৈতিক শিক্ষা ব্যতিরেকে কখনো আদর্শ চরিত্র গঠন সম্ভব নয়। সৎ, খোদাভীরু, দেশপ্রেমিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মই আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে সুশাসন প্রতিষ্ঠাসহ ঘুষ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। এর কোন বিকল্প নেই।’
শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনা অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
বিশেষ অতিথির বক্তব্যে দেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শওকত আলী, যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর।
এর আগে আন্তর্জাতিক ক্বারী শায়েখ হাফিজ আহমাদ হাসানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান শায়েখ হাফিজ মাওলানা শামসুল হক, হেফাজতে ইসলাম ইউকে এর সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, উলামা মাশায়েখ ইউকে এর সাবেক সভাপতি শায়েখ মাওলানা মওদুদ হাসান, প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ইউকে শাখার সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমুখ।
এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, যুক্তরাজ্য সাউথ শাখার সহসভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, যুক্তরাজ্য নর্থ শাখার সহসভাপতি মাওলানা সুলতান মাহমুদ, বার্মিংহাম শাখার সহসভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, কেমব্রিজ শাখার সভাপতি মাওলানা নুমান উদ্দিন, লুটন শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান, সাউথেন্ড শাখার সভাপতি মাওলানা আশরাফুল মাওলা এবং লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।
টাকা পাচার, মেধাভিত্তিক নিয়োগ, আবুল হাসান, অর্থনৈতিক সংকট, রেমিট্যান্স, সুশাসন