০৯ আগস্ট ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

মজুরি বৃদ্ধির দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের কর্মবিরতি

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন


মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মবিরতি ও গণবিক্ষোভ করেছেন দিলদারপুর চা-বাগানের শ্রমিকেরা। শনিবার  (৮ জুলাই) সকালে প্রায় দুই ঘণ্টা কাজে যোগ না দিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।


চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে দিলদারপুর চা-বাগানের শতাধিক শ্রমিক ও শ্রমিকনেতা অংশ নেন।


বাগান পঞ্চায়েত অ্যাডহক কমিটির সভাপতি সিতারাম কলের সভাপতিত্বে এবং বিকাশ পালের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংস্কার কমিটির সদস্যসচিব জনক লাল দেশোয়ারা জনি, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নারী ফোরামের নেত্রী গীতা রাণী কানু, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বিকাশ চাষা, ক্লিবডন চা-বাগানের শ্রমিক নেতা অজিত গোয়ালা, দিলদারপুর চা-বাগানের নারী শ্রমিক পঞ্চমী ভূমিজ, পূরবী রায় ও পপি রিখিয়াপন প্রমুখ।


কর্মসূচিতে বক্তারা জানান, জাতীয় সংসদে উত্থাপিত চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রম অধিদপ্তরের ‘অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।


তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তা চা শিল্পের জন্যও ক্ষতিকর হবে।


তারা জানান, যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

চা-শ্রমিক, মজুরি বৃদ্ধি, কর্মবিরতি, গণবিক্ষোভ, দিলদারপুর চা-বাগান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ