আপত্তিকর চ্যাট ফাঁসের অভিযোগে শাবির ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ১:০৫ অপরাহ্ন
ম্যাসেঞ্জারে আপত্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ ওঠার এক দিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নেয়।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজ থেকে সাজিদ আহমেদ মোল্লার একটি ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই কথোপকথনকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, তাদের প্রাথমিকভাবে জানা তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া কথোপকথনটি সাজিদ আহমেদ মোল্লার খালাতো ভাইয়ের সঙ্গে হয়েছিল। অভিযোগ পাওয়ার পর বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়। পরে কেন্দ্র অভিযোগটি যাচাই-বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থী বিবেচনা করে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়।
তবে অভিযোগ অস্বীকার না করলেও ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সাজিদ আহমেদ মোল্লা। তার দাবি, আলোচিত ম্যাসেঞ্জার চ্যাটটি প্রায় এক বছর আগে তার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার অংশ। সাম্প্রতিক কোনো ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই।
সাজিদ বলেন, সমবয়সী আত্মীয়ের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে অনেক সময় হাস্যরস বা মজা করে বিভিন্ন ধরনের কথা বলা হয়। সেই ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশের ঘটনাকে কেন্দ্র করেই তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্রশক্তি, জাতীয় ছাত্রশক্তি, সাজিদ আহমেদ মোল্লা, ভাইরাল ম্যাসেঞ্জার চ্যাট, শাবিপ্রবি ছাত্রশক্তি