সিকৃবিতে ‘ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব’ চালু
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
দেশীয় ভ্যাকসিন উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাগারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীববিজ্ঞানী অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৌসুমী পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী। এছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘দেশে মোট ওষুধের চাহিদার শতকরা ৯৮ ভাগ স্থানীয়ভাবে পূরণ হলেও ভ্যাকসিনের ক্ষেত্রে বড় অংশই আমদানি নির্ভর। বাংলাদেশে প্রতিবছর প্রাণিসম্পদ, পোল্ট্রি এবং মৎস্য খাতে সাড়ে সাত হাজার কোটি টাকার ভ্যাকসিনের বাজার থাকলেও সরকারি-বেসরকারি পর্যায়ে সব মিলিয়ে তিনশ থেকে চারশ কোটি টাকার ভ্যাকসিন দেশীয়ভাবে উৎপাদন করা হয়।’
তিনি আরও বলেন, ‘তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করা হয়। অথচ কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ল্যাব সুবিধা বৃদ্ধি করা গেলে দেশে ভ্যাকসিনের উৎপাদন করে দেশীয় চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।’
সিকৃবি, ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ড. মো. আলিমুল ইসলাম, ভ্যাকসিন গবেষণা, দেশীয় ভ্যাকসিন উৎপাদন