ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাত্রীদের অভিযোগ শুনলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
রাজনীতি
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন
সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে তিনি স্টেশনটি ঘুরে দেখেন।
পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। ভানুগাছ স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
শ্রীমঙ্গল স্টেশন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী রেলওয়ের সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন।
সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সব স্টেশন ও রেললাইনের সমস্যা সরেজমিন পরিদর্শন করা হবে।
মৌলভীবাজার, প্রবাসী কল্যাণ মন্ত্রী, ট্রেন, শ্রীমঙ্গল