সিলেট সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ৭৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় কিছু পণ্য এবং চোরাচালানে ব্যবহৃত ট্রলি ও নৌকাও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শনিবার বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা সীমান্ত ফাঁড়ি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানের সময় সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, ক্লোপজি ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, বিভিন্ন ধরনের সবজি, শনপাপড়ি, চা পাতা, চকলেট, ফল, সুপারি ও বিস্কুট। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও পাথরও জব্দ করা হয়েছে। একইসাথে চোরাচালানে ব্যবহৃত ট্রলি ও বারকী নৌকাও জব্দ করা হয়।
বিজিবির জানায়, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট, সিলেট সীমান্ত, বিজিবি, ৪৮ বিজিবি, চোরাচালান, ভারতীয় পণ্য, সীমান্তে অভিযান, চোরাচালানি মালামাল, শুল্ক ফাঁকি, বাংলাবাজার সীমান্ত, সোনারহাট সীমান্ত