২৯ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে বেড়েই চলেছে হামের প্রকোপ

হাম উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ১০২, নতুন শনাক্ত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়েই রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১০২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬১৬ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেটে ২০৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ২৭ জন এবং সুনামগঞ্জে ৩২২ জন।


প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন। তাঁদের মধ্যে সর্বাধিক ৯৮ জন ভর্তি আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।


যদিও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি, তবু বছরের শুরু থেকে হামের প্রভাব কতটা ভয়াবহ ছিল, তার চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১০৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে।


জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মারা গেছেন ৪৮ জন। সিলেটে ৩৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে।


এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ, সিলেটের পরিচালক ডা: মাহবুবুল আলম বলছেন, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উল্লেখযোগ্য হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে হাম, সিলেটে হামের প্রাদুর্ভাব, Sylhet Measles, Measles Outbreak, হাম আক্রান্ত, হাম শনাক্ত, হামে মৃত্যু, সিলেট স্বাস্থ্য, স্বাস্থ্য অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ