২৯ জুলাই ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

হবিগঞ্জে এনসিপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন


হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংঘর্ষের ঘটনার পর দু’দলেরই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) সকালে অনির্দিষ্টকালের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়।

 

হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

 

আদেশ অনুযায়ী, বুধবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। একই সময়ে জেলা ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কর্মসূচির ঘোষণা রয়েছে। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা থাকায় যে কোনো সময় উত্তেজনা, সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

জারি করা আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকার পৌরসভা মাঠ, তিনকোনা পুকুরপাড়, শায়েস্তানগর, সিনেমা হল সড়ক, চৌধুরী বাজার, টাউন হল রোড, কোর্ট স্টেশন এলাকা এবং ডিসি অফিস সংলগ্ন এলাকাসহ সংশ্লিষ্ট স্থানে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ কিংবা জনসমাগম করা যাবে না। একই সঙ্গে ইট-পাটকেল, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র বা আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন কোনো বস্তু বহনও নিষিদ্ধ করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর শহরে ছাত্রদল-এনসিপির  সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৭জন আহত হয়েছেন বলে দাবি করে দলটি। একই সঙ্গে সাংবাদিকদের বহনকারী একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

 

পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেয় এনসিপি। হবিগঞ্জ পৌরসভা মাঠে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় দলটি। একই সময়ে ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা সৃষ্টি হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, ১৪৪ ধারা জারি, এনসিপি, ছাত্রদল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ