নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি, ছাত্রদল ও যুবদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই সময় ও একই এলাকায় প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল ও যুবদল। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার পর শহরে উত্তেজনা সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।
আদেশে বলা হয়, দুই পক্ষের কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এতে মুখোমুখি অবস্থান তৈরি হয়ে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, স্লোগান, পিকেটিং, মাইকিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।
এর আগে এনসিপির কয়েকজন নেতার ওপর হামলার ঘটনার প্রতিবাদে দলটি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। হবিগঞ্জের সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অংশ নেওয়ার কথা ছিল।
অন্যদিকে বিএনপি দাবি করেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের ‘উস্কানিমূলক ও মিথ্যা’ বক্তব্যের প্রতিবাদে তারা দেশব্যাপী কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জেও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ বলেন, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
হবিগঞ্জ, হবিগঞ্জ ১৪৪ ধারা, এনসিপি, বিএনপি, ছাত্রদল, যুবদল, পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জ সমাবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জেলা প্রশাসন