২৯ জুলাই ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ১:১৬ অপরাহ্ন


দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো দেশের বিপুল যুবশক্তি। এই জনশক্তিকে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে পারলে দেশের উন্নয়নের গতি আরও বাড়বে।


বুধবার সকালে সিলেট নগরের দি এইডেড হাই স্কুল প্রাঙ্গণে একটি বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল কাইয়ুম চৌধুরী।


সিসিক প্রশাসক বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বের চাহিদা পূরণ সম্ভব নয়। তরুণদের কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন এবং জাতীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারেন।


তিনি বলেন, শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কারিগরি ও কর্মসংস্থানমুখী শিক্ষার সম্প্রসারণ করা হচ্ছে। এর সুফল কাজে লাগিয়ে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।


শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, একটি উন্নত জাতি গঠনের ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, সাবেক কাউন্সিলর জামাল আহমদ এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক দীপাল কুমার সিংহ।


অনুষ্ঠানের শুরুতে সমাজসেবক মাহিউদ্দিন সেলিমের অর্থায়নে নির্মিতব্য বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিসিক প্রশাসক ও উপস্থিত অতিথিরা।


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধ পানির সংকট, খেলার মাঠ ও প্লে-জোনের অভাব এবং অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। জবাবে আব্দুল কাইয়ুম চৌধুরী এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


পরে সিসিক প্রশাসক হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নগরবাসীকে সবুজায়নে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিক প্রশাসক, Sylhet City Corporation, যুবশক্তি, দক্ষ মানবসম্পদ, কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ