সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আশ্বাস সিসিক প্রশাসকের
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিনের এই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে পারে।
শনিবার (১১ জুলাই) কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তাঁর লক্ষ্য ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। নানা কারণে জীবদ্দশায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন সেই স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সিটি কর্পোরেশনের প্রশাসক আরও বলেন, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরও এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। সরকারের সহযোগিতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগ থাকলে কলেজটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি আধুনিক অবকাঠামো ও উন্নত যোগাযোগব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, কলেজে যাতায়াতের সড়ক দ্রুত নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. মাসতাবুর রহমান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিলেট