১১ জুলাই ২০২৬

দৈনন্দিন

শাহজালাল (রহ.) মাজার

এবার দানবাক্সে মিলল ‘খোকন’-এর বিরুদ্ধে অভিযোগ, সাথে সারওয়ার আলমকে ফেরানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা দ্বিতীয়বারের মতো গণনা শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এই গণনা শুরু হয়।


মাজারের তিনটি ডেগ ও ছোট-বড় পাঁচটি দানবাক্সে মোট পাঁচ বস্তা টাকা পাওয়া গেছে। টাকার সঙ্গে মিলেছে বেশ কয়েকটি চিরকুটও, যেগুলোতে ভক্তদের মানত থেকে শুরু করে ব্যক্তিগত অভিযোগ পর্যন্ত নানা কথা লেখা রয়েছে।


চিরকুটগুলোর কোনোটিতে চাকরি পাওয়ার আশায় মাজারে খাসি দান করার মানত লেখা হয়েছে। আবার কোনো কোনো চিরকুটে উঠে এসেছে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের কথাও।


আবু জলিল হাবিব নামে একজনের নামে পাওয়া একটি চিরকুটে খোকন নামে একজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। চিরকুটে লেখা রয়েছে, ❝খোকন বাটপার সে মাজারের গরু, ছাগল, হাঁস, মোরগ বেচাকেনা করে। মাজারের খাদেমের অর্ধেকও বেশি তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মরত কর্মচারী চাকরিহারা, তাদের মধ্যে কিছু সবজি বিক্রি করে জীবিকা চালান। আমি চাই তার সঠিক বিচার হউক।


চিরকুটটির শেষাংশে লেখা রয়েছে, ❝সারওয়ার আলম ফিরে আসুক সিলেটে।❞ চিরকুটে উল্লেখিত খোকন নামের ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


সারওয়ার আলম ছিলেন সিলেটের সাবেক জেলা প্রশাসক। তিনিই শাহজালাল (রহ.) মাজারের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নিয়েছিলেন। এ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই গত ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।


প্রশাসনিক ও রাজনৈতিক একটি সূত্রের দাবি, সিলেটে দায়িত্ব পালনকালে নানা ঘটনায় আলোচিত ছিলেন সারওয়ার আলম। সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ইস্যুতে তার কিছু উদ্যোগ ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


গত ১২ জুন দুই মাজার পরিদর্শনে গিয়ে সারওয়ার আলম মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণা দেন। এর অংশ হিসেবে ১৮ জুন বিকেলে আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স বসানো হয়, পাশাপাশি সিলগালা করা হয় মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেগও।


এই উদ্যোগের পর জেলা প্রশাসকের পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা তৈরি হয় কেউ একে ইতিবাচক বললেও অনেকে প্রশাসনিক ব্যবস্থাপনায় দানবাক্স স্থাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই বিতর্কের মধ্যেই সরকার তাকে প্রত্যাহার করে নেয়, যদিও একাধিক মন্ত্রী এই বদলিকে ‘রুটিন ওয়ার্ক’ বলে মন্তব্য করেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, শাহজালাল মাজার, ডিসি সারওয়ার, খোকন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ