সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
সিলেটে ‘হানিট্র্যাপের’ মাধ্যমে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি আইফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (১১ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএমপি জানায়, গতকাল শুক্রবার (১০ জুলাই) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মোগলাবাজার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাসিন হোসেন আবির (১৮) ও জাবেদ আহমেদ (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি আইফোন এক্সএস ম্যাক্স উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বলে দাবি করা ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয় বলে বিজ্ঞতিতে উল্লেখ করে পুলিশ।
পুলিশের দাবি, চক্রটির এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১) নামের এক তরুণের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে দেখা করার পর ওই নারী মোটরসাইকেলে করে তাঁকে মোগলাবাজারের দাউদপুর তুরুকখলা এলাকায় পৌঁছে দিতে বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছানোর পর ওই নারী, গ্রেপ্তার হওয়া দুই যুবক ও তাঁদের আরেক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করেন। পরে তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল ও একটি আইফোন এক্সএস ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় মোগলাবাজার থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়েছে উল্লেখ করে পুলিশ বলছে, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মোগলাবাজার, হানিট্র্যাপ, ছিনতাই, এসএমপি, সিলেট পুলিশ