১১ জুলাই ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

কৃষি কার্ড বিতরণে দলীয় কর্মীরা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি কয়ছর

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন


সরকারের পাইলট প্রকল্পের আওতায় কৃষি কার্ড বিতরণে দলীয় কর্মীরা অনিয়ম করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। 

 

শনিবার (১১ জুলাই) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

এমপি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কৃষিতে ব্যাপক অনিয়ম ও দলীয়করণ হয়েছে। কৃষির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যখাতেও মেগা দুর্নীতি হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে। রডের বদলে বাঁশ, বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড ও কৃষিতে দুর্নীতি হয়েছে। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কৃষকের ব্যাপারে সজাগ রয়েছেন। 

 

কয়ছর আহমদ বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন। কৃষি কার্ডের ক্ষেত্রে কোনো ধরণের অনিয়ম দুর্নীতিরে প্রশ্রয় দেওয়া হবে না। 

 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ডের ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু তিনি ইতোমধ্যে তিনি তা বাস্তবায়ন করেছেন। 

 

শীঘ্রই পাইলট প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও হলদিপুর ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

 

শেষে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় নিজের পরিদর্শন কক্ষের উদ্বোধন করে নেতাকর্মীদের সাথে কোশল বিনিময় করেন তিনি। 

 

এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, কয়ছর আহমেদ, কৃষি কার্ড, সুনামগঞ্জ-৩

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ