০৮ জুলাই ২০২৬

দৈনন্দিন

সিলেটে মার্কিন রাষ্ট্রদূত, ক্বীন ব্রিজ-ঘড়িঘর ঘুরে খেলেন সাত রঙের চা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন


সিলেট নগরীর সুরমা নদীর তীরে ঐতিহাসিক স্থাপনা ক্বীন ব্রিজ ও আলী আমজাদের ঘড়িঘর পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চাও পান করেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে মার্কিন রাষ্ট্রদূত এসব এলাকা ঘুরে দেখেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

জানা যায়, রাষ্ট্রদূতকে ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘরের পাশে মার্কিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি নগরীর প্রাচীন এই দুই স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় নগর পরিচালনা, জনসেবা কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে আগ্রহের সঙ্গে অবগত হন তিনি।

সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, এ সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

এদিন সকালে নগরীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও সৌজন্য বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, আলোচনায় বাংলাদেশে, বিশেষত সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের অর্থনৈতিক উন্নয়নে নতুন পথ খোলার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও নিবিড় করার বিষয়ে একমত হন উভয়পক্ষ। পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটন খাতের বিকাশ-সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটি প্রবাসীদের অর্থনৈতিক অবদানের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বাণিজ্যমন্ত্রী মনে করেন, এ ধরনের সাক্ষাৎ ও মতবিনিময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মার্কিন রাষ্ট্রদূত, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সিটি করপোরেশন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ