০৮ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

মৌলভীবাজারে বাড়ির বাথরুমে মিলল শুঁটকি ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন


মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক শুঁটকি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সুবাহান হাজী নামের এক ব্যক্তির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।


নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। পেশায় তিনি শুঁটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণগ্রামের ওই বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দী লাশ রয়েছে এমন খবর রাতে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করে।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।


তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।


এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, মৌলভীবাজার লাশ উদ্ধার, বস্তাবন্দী লাশ, শুঁটকি ব্যবসায়ী, হত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ