০৭ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট সীমান্তে চোরাচালান বন্ধে তিন সপ্তাহের আল্টিমেটাম দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন


সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে প্রশাসনকে তিন সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী ১ আগস্ট থেকে সীমান্তবর্তী এলাকায় চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এই সময়ের মধ্যে চোরাচালান বন্ধে দৃশ্যমান অগ্রগতি না এলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেটের জৈন্তাপুর উপজেলায় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রশাসনের চোখের সামনে দিয়ে চোরাচালানের পণ্য সীমান্ত পার হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি বলেন, থানা-প্রশাসনের নাকের ডগা দিয়ে যদি চোরাই পণ্য ঢোকে আর তা দেখেও না দেখার ভান করা হয়, তাহলে এবার আর ছাড় দেওয়া হবে না। সীমান্তবর্তী থানা-প্রশাসন যদি এ ব্যাপারে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট ওসি-ইউএনওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

চোরাচালান রোধে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সীমান্তবর্তী গ্রামগুলোর জনপ্রতিনিধি, মুরুব্বি ও আলেম-ওলামাদের নিয়ে সামাজিক সচেতনতামূলক বৈঠক আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত এলাকার ব্যবসায়ী ও গ্রামবাসীদের সঙ্গে বসে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এই পাহারার দায়িত্ব নিতে হবে।

তিনি জানান, জুলাই মাসজুড়ে সামাজিক সচেতনতামূলক এই উদ্যোগ চলবে এবং ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমন্বিত অভিযান।

যদিও শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে করেন মন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হলে প্রবাসীরা নির্বিঘ্নে দেশে ফিরতে ও এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হবেন। যা সার্বিকভাবে জনসেবা ও উন্নয়নের পথ প্রশস্ত করবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, প্রবাসীকল্যাণ মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, সীমান্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ