জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
দৈনন্দিন
প্রকাশঃ ৫ জুলাই, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১ হাজার ৮০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে।
এ ছাড়া ৬০০ কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের চারা, লেবুর চারা, বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, সরকারি কৃষি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ, যুগ্ম আহ্বায়ক এম এ মুকিত, যুগ্ম আহ্বায়ক আব্দুস সুবহান, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক সামছুল হক এবং কৃষক আলতাব আলী।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর, কৃষি প্রণোদনা, আমন ধানের বীজ, বিনামূল্যে সার বিতরণ, সুনামগঞ্জ