০৬ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, আহত দুই সহপাঠী

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৫ জুলাই, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুই ছাত্র। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহত রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে এবং জয় (১৬) লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদ নিহত হয়। অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, সড়ক দুর্ঘটনা, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ