২৫ জুন ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

জগন্নাথপুরে খাস জমিতে লাল নিশানা, মুক্তি পেল গৃহবন্দী পাঁচ পরিবার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় ভূমিখেকো চক্রের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিন দিন ধরে গৃহবন্দী থাকা পাঁচটি পরিবারকে মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জমির সীমানা নির্ধারণ করে লাল নিশানা গাড়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন একটি ভূমিখেকো চক্র ওই সরকারি জমি দখলে নিতে গিয়ে সেখানে ৩১ বছর ধরে বসবাসরত পাঁচটি পরিবারকে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ২৪ জুন ইউএনও মোঃ ইসলাম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের যৌথ নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং পরিবারগুলোকে মুক্ত করা হয়।

ভুক্তভোগী সুমা বেগম বলেন, তিন দিন যাবৎ না খেয়ে গৃহবন্দী ছিলাম। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তি পেয়েছি। আজ সহকারী কমিশনার লাল নিশানা দিয়ে সরকারি জায়গা নির্ধারণ করে গেছেন।

৩১ বছর ধরে ওই জমিতে বসবাসকারী হলুদা আক্তার বলেন, ভূমিখেকো চক্র অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নিতে চেয়েছিল। প্রশাসনের সহযোগিতায় গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছি।

ভুক্তভোগী নাজমুল মিয়া বলেন, তিন দিন পর মুক্তি পেয়েছি, ছেলেমেয়েরা স্কুল-মাদ্রাসায় যেতে পেরেছে। ভূমিখেকো চক্রটির বিচার চাই।

সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন বলেন, সরকারি সম্পত্তি রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা তৎপর। কোনো অবস্থাতেই সরকারি জমি অবৈধ দখলে নিতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, গৃহবন্দী, খাস জমি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ