কোম্পানীগঞ্জ সীমান্তে বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিজিবির ধারণা মৃত্যু দুর্ঘটনায়
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সীমান্তসংলগ্ন একটি পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
নিহত মিক কন্দ দানী (৬০) উপজেলার দমদমিয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা। তিনি মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের কাছাকাছি বসবাসের কারণে মিক কন্দ দানী প্রায়ই ভারতের ভেতরে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতেন। কখনো কখনো খাসিয়া পল্লির বিভিন্ন বাগানেও শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার সকাল ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল আনতে সীমান্ত অতিক্রম করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় তাঁর স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তাঁর নিথর দেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তবে এসব আঘাত কীভাবে লেগেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ঘটনাটির সঙ্গে বিএসএফের গুলি বা অন্য কোনো হামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। সীমান্তসংলগ্ন এলাকায় বসবাস করায় ওই ব্যক্তি প্রায়ই ভারতের ভেতরে যাতায়াত করতেন। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কোম্পানীগঞ্জ সীমান্ত, সিলেট সীমান্ত সংবাদ, কোম্পানীগঞ্জে মৃত্যু, সীমান্তে বৃদ্ধের মরদেহ, মিক কন্দ দানী, তুরুং গ্রাম, সিলেট বিজিবি