ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩২
বিশ্বজুড়ে
প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ১:০৪ অপরাহ্ন
ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ হতাহতদের এ তথ্য জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আঘাত হানে। এর মাত্রা ছিল ৭ দশমিক ২। কেন্দ্র ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে।
এর ৩৯ সেকেন্ড পর কারাকাসের পশ্চিমে ইউমার এলাকার কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএস সতর্ক করে বলেছে, এ দুই ভূমিকম্পের ফলে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।
রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে ভবন ধস, অবকাঠামোগত ক্ষতি এবং আতঙ্কের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
কারাকাসের চাকাও এলাকার মেয়র গুস্তাভো দুকে জানান, তাঁর এলাকায় অন্তত দুটি স্থাপনা ধসে পড়েছে। প্রাথমিকভাবে তিনজন নিহত ও ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ভূমিকম্পে বহু ভবন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দমকল, পুলিশ ও জরুরি সেবার সদস্যরা মাঠে কাজ করছেন।
ভূমিকম্পের সময় রাজধানীর একটি বহুতল ভবনে অবস্থান করা সাংবাদিক নিকোল কোলস্টার বলেন, এটি তাঁর জীবনে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। তিনি জানান, কম্পনের তীব্রতায় পুরো ভবন ধসে পড়বে বলে মনে হচ্ছিল।
আরেক প্রত্যক্ষদর্শী কোরো মার্তিনেজ বলেন, ভূমিকম্পের সময় বিকট শব্দের সঙ্গে ঘরের আসবাবপত্র ও ফ্রিজের ভেতরের জিনিসপত্রও পড়ে যায়।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৮১২ সালে সেখানে ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ভেনেজুয়েলা ভূমিকম্প, Venezuela Earthquake, ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৭.২ মাত্রার ভূমিকম্প, ভূমিকম্পে নিহত, USGS