মাজারের দান গুনছেন বিদায়ী ডিসি সারওয়ার, ভাঙলেন ৭০০ বছরের প্রথা
ধর্ম
প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ৪:১৩ অপরাহ্ন
প্রত্যাহারের ঘোষণার একদিন পরই হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নিয়েছেন সিলেটের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মাজার-সংশ্লিষ্টদের দাবি, শত শত বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনার কার্যক্রম শুরু হলো।
সোমবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে উপস্থিত হন সারওয়ার আলম। সেখানে মাজারের দানের দুটি ডেগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা দানবাক্স থেকে টাকা বের করে গণনার কার্যক্রম শুরু করা হয়। গণনার সময় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো বক্তব্য দেননি সারওয়ার আলম। তিনি পরে এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেবেন বলে জানিয়েছেন।
মাজারের দান ও আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি সিলেটজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কয়েক দিন আগে জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের পুরোনো দানের ডেগ সিলগালা করা হয় এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দান সংগ্রহ প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এসব পদক্ষেপের মাধ্যমে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এদিকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সিলেটে ব্যাপক আলোচনা চলছে।
সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তার সমর্থকেরা। জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় চলা এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের ভাষ্য, সিলেটের বিভিন্ন সমস্যা সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সারওয়ার আলম সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁকে সরানোর পেছনে একটি প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সকালে কার্যালয়ে প্রবেশের সময় বিক্ষোভকারীদের সঙ্গে করমর্দন করেন সারওয়ার আলম। পরে তাদের স্লোগানের মধ্যেই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। দুপুরে নিজ কার্যালয় থেকে বের হয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে যোহরের নামাজ আদায় করেন।
প্রসঙ্গত, মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটে ব্যাপক আলোচনা, সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যেই বিদায়ী জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনার কার্যক্রম নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সারওয়ার আলম, বিদায়ী ডিসি সারওয়ার, সিলেট ডিসি, শাহজালাল মাজার, হযরত শাহজালাল (রহ.), মাজারের দান, মাজারের ডেগ, দানের টাকা গণনা