রাতেই সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার
রাজনীতি
কুলাউড়া আসছেন কেন্দ্রীয় নেতারা
প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার (২৬ জুন) প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেবেন বলে জানিয়েছে স্থানীয় নেতারা।
দলটির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও কেন্দ্রীয় নেতা অংশগ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ।
তিনি জানান, সমাবেশে যোগ দিতে কুলাউড়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম ও আশরাফ মাহাদী। সীমান্ত এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তারা সমাবেশে বক্তব্য দেবেন।
এ সংগঠক আরও জানান, মৌলভীবাজারে পৌঁছানোর পর কেন্দ্রীয় নেতারা কুলাউড়ার ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তারা শরীফপুর সীমান্ত এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন।
এদিকে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে।
সমাবেশকে ঘিরে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ কর্মসূচি নিয়ে আগ্রহ দেখা গেছে।
আয়োজকেরা জানান, সমাবেশ সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
সীমান্ত হত্যার ঘটনায় স্থানীয়ভাবে যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, প্রতিবাদ সমাবেশে সেই বিষয়গুলোও তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শরীফপুর সীমান্ত, শরীফপুর হত্যাকাণ্ড, কুলাউড়া, মৌলভীবাজার, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, আশরাফ মাহাদী