
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে সরকারি খাসজমিতে বসবাসকারী পাঁচটি পরিবারকে যাতায়াতের পথ বন্ধ করে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হবিবনগর এলাকায় (ইকড়ছই মৌজা, খতিয়ান নম্বর–১, জেএল নম্বর–১৭২, দাগ নম্বর–৯৩১ ও ৯৩২) প্রায় সাড়ে তিন শতাংশ সরকারি খাসজমিতে দীর্ঘ ৩১ বছর ধরে বসবাস করে আসছেন হলুদা আক্তার ও তার পরিবার। একই এলাকায় আরও কয়েকটি পরিবারও বসবাস করছে। ভূমিহীন হিসেবে জমিটি বন্দোবস্ত পাওয়ার জন্য পরিবারটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় আশিক মিয়া ও আমির আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বাড়ির সামনে যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন। এতে হলুদা আক্তারের পরিবারসহ মোট পাঁচটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।
হলুদা আক্তার বলেন, ‘আমরা ৩১ বছর ধরে এখানে বসবাস করছি। হঠাৎ করে কিছু লোক এসে আমাদের বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দিয়েছে। এতে আমরা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছি। আমাদের চলাচলের অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।’
একই এলাকার বাসিন্দা সুমা আক্তার বলেন, ‘সকালে বাড়ির সামনে জোর করে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এখন আমরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছি না।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আশিক মিয়া ও আমির আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সময় তাদের এলাকায়ও দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হবে।’
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জগন্নাথপুর, সুনামগঞ্জ, খাসজমি, সরকারি খাসজমি, গৃহবন্দী পরিবার, হলুদা আক্তার, হবিবনগর, জগন্নাথপুর পৌরসভা, ভূমিখেকো চক্র, বাঁশের বেড়া

