শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ২:০৩ অপরাহ্ন
পর্যটন শিল্পের বিকাশ, বহুজাতিক সংস্কৃতির সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এ উৎসব আগামী ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে। তারা তাদের নিজস্ব সংস্কৃতি, জীবনধারা, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, খাদ্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে নিজেদের স্বকীয়তা তুলে ধরবে।
আয়োজকরা জানান, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। উৎসবে নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা স্থান পাবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, হারমোনি ফেস্টিভ্যাল এমন একটি আয়োজন, যেখানে ঐতিহ্য ও ঐক্যের বন্ধন একসূত্রে গাঁথা হবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এ উৎসব উপভোগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হারমোনি ফেস্টিভ্যাল