১৭ আগস্ট ২০২৬

অনিয়ম-দুর্নীতি

জগন্নাথপুরে রাস্তার কাজের অনিয়মের তদন্তে হামলা, থানায় পৃথক অভিযোগ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ৭:১২ অপরাহ্ন

ছবিঃ ভিডিও থেকে সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি রাস্তার মাটি ভরাটের কাজে অনিয়মের অভিযোগ তদন্তের সময় এক ইউপি সদস্য ও তার লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। পরে এ ঘটনায় জগন্নাথপুর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


রোববার (১৬ আগস্ট) সকালে ও রাতে রানীগঞ্জ ইউনিয়নের স্বজনশ্রী রাস্তার মোড়ে পৃথকভাবে হামলার ঘটনা ঘটে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘময়না গ্রামের একটি রাস্তায় টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় মাটি ভরাটের কাজ পান স্থানীয় ইউপি সদস্য তেরা মিয়া। কাজ শুরুর পর থেকেই এতে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে আসছিলেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে বাঘময়না গ্রামের বাসিন্দা জাকির হোসেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেন।


অভিযোগের বিষয়টি সরেজমিনে তদন্ত করতে ইউএনওর নির্দেশে রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী। তদন্ত চলাকালে অনিয়মের অভিযোগ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য তেরা মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে একই গ্রামের মিলাদুর রহমান ও জাকির হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়।


পরে তেরা মিয়ার সমর্থকেরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে মিলাদুর রহমান গুরুতর আহত হন। পরে রাত ৯টার দিকে স্বজনশ্রী রাস্তার মোড়ে জাকির হোসেনের ওপর দ্বিতীয় দফায় হামলার অভিযোগ ওঠে।


স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলা ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে।


হামলার শিকার বাদী জাকির হোসেন বলেন, ‘বাড়ি ফেরার পথে তেরা মেম্বার ও তার লোকজন রাতে আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ আমাকে উদ্ধার করে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’


অপর বাদী মিলাদুর রহমান বলেন, ‘সরকারি কাজে অনিয়মের প্রতিবাদ করায় পিআইও স্যারের তদন্ত চলাকালেই মেম্বারের লোকজন প্রকাশ্যে আমার ওপর হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’


তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য তেরা মিয়া বলেন, ‘তারা আগে আমার ওপর হামলা করেছে, পরে আমরা পাল্টা জবাব দিয়েছি। থানায় দুটি অভিযোগের কথা আমি জেনেছি।’


তদন্তের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে আমি তদন্তে গিয়েছিলাম। কথা কাটাকাটির একপর্যায়ে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ায় তদন্ত স্থগিত রেখে আমাকে চলে আসতে হয়েছে।’


ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, "সংবাদের পর পরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তদন্তকালে হাতাহাতি ও সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় দুটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

রাস্তার কাজ, অনিয়ম, ইউপি সদস্য, হামলা, অভিযোগ, জগন্নাথপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ