২৯ জুন ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / শিল্প

শিল্পী হ্যারল্ড রশীদের জন্মদিন উপলক্ষে সিলেটে ৩ দিনের উৎসব

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন


চিত্রকলা ও সংগীত- দুই অঙ্গনেই স্বতন্ত্র পরিচিত মুখ শিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী। ক্যানভাসে যেমন তিনি নির্মাণ করেছেন নিজস্ব শিল্পভুবন, তেমনি গিটারের সুরে ছড়িয়ে দিয়েছেন অনুভূতির অনুরণন। গুণী এই শিল্পীর ৭০তম জন্মদিন উপলক্ষে তিন দিনের আয়োজন করেছে ‘শিল্পী হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন পরিষদ’।


‘সত্তরে হ্যারল্ড’ শীর্ষক এ আয়োজন সোমবার (২৯ জুন) শুরু হয়ে বুধবার (১ জুলাই) শেষ হবে। এতে থাকবে একক ও সম্মিলিত চিত্রপ্রদর্শনী, শিল্পী-আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন।


আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সোমবার বিকেল পাঁচটায় নগরের টিবি গেইট এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের অরবিন্দ দাসগুপ্ত ভবনে হ্যারল্ড রশীদের একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। প্রদর্শনীটি বুধবার পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


মঙ্গলবার (৩০ জুন), শিল্পীর জন্মদিনে একই স্থানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং তাঁকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন।


আয়োজনের শেষ দিন বুধবার বিকেল পাঁচটায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজে হ্যারল্ড রশীদের শিক্ষার্থীদের সম্মিলিত চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হবে। এ প্রদর্শনীও রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।


এদিকে শিল্পীর দীর্ঘ সৃজনযাত্রাকে সম্মান জানাতে আয়োজনে খ্যাতিমান শিল্পী আবুল বারাক আলভী, শিশির ভট্টাচার্য ও নিসার হোসেন অংশ নেবেন। 


আয়োজকরা জানান, হ্যারল্ড রশীদের শিল্পচর্চা ও জীবনদর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাঁর সৃজনযাত্রার প্রতি সম্মান জানাতেই এ আয়োজন করা হয়েছে। শিল্প, সুর ও সৌন্দর্যের এ উৎসবে সকলের অংশগ্রহণ আশা করেন আয়োজকরা।


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

হ্যারল্ড রশীদ, শিল্পী, চিত্রকলা, সংগীত, জন্মদিন, সিলেট আর্টস কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ