সিলেটে প্রশাসন-পুলিশের যৌথ অভিযানে ১১৯ মামলা, ৯০ জনের জেল
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
সিলেটে মাদক, জুয়া ও অপরাধ দমনে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ১১৯টি মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে ৯০ জনকে কারাদণ্ড এবং ২৯ জনকে অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার(১০ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেটকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ দফায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ছয়জন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় ছয়টি দল একযোগে অভিযানে অংশ নেয়।
অভিযানকারী দলগুলো নগরীর ক্বীন ব্রিজ, কদমতলী, টিলাগড়, মেজরটিলা ও রিকাবীবাজার এলাকায় অভিযান চালায়। মাদক সেবন ও বিক্রি এবং জুয়ার আসর পরিচালনার অভিযোগের ভিত্তিতে এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়।
ফেসবুক পোস্টে জেলা প্রশাসন জানায়, অভিযানে ১১৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৯০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেট অভিযান, ভ্রাম্যমাণ আদালত, মাদকবিরোধী অভিযান, জুয়ার আসর, জেলা প্রশাসন সিলেট